হিজবুল্লাহর সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে না বলে জানিয়েছে ইসরায়েল। যদিও আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবাননের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে দেশটি। একই সময় লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
শনিবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
১০এপ্রিল (শুক্রবার) গভীর রাতে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতরা বৈঠকের প্রস্তুতি চূড়ান্ত করতে আলোচনা করেছেন। আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লিটার বলেছেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও এই আলোচনা লেবানন সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার সূচনা করবে।
তিনি বলেছেন, ইসরায়েল লেবাননের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।
হিজবুল্লাহকে নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়ে দিয়ে ইসরায়েলি রাষ্ট্রদূত বলেছেন, হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ইসরায়েল অস্বীকৃতি জানিয়েছে। তারা ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, শনিবার নাবাতিয়েহ জেলার মায়ফাদৌনে একটি আবাসিক ভবনে বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও বৈরুত উভয়ই আলোচনা শুরুর আগে ইসরায়েলকে হামলা সাময়িকভাবে বন্ধ করার আহ্বান জানিয়েছে।
অ্যাক্সিওসের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, লেবানন সরকার ও ট্রাম্প প্রশাসন উভয়ই যুদ্ধবিরতির অনুরোধ করেছে, যদিও হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি।









