ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। একের পর এক চলছে হামলা-পাল্টা হামলা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী।
বুধবারের এই হামলায় বিমানবন্দরের কাছে ইরানের ছোড়া দুটি ড্রোন আঘাত হেনেছে। এতে এক বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত হয়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় দু’টি ড্রোন বিধ্বস্ত হয়েছে। এতে চারজন আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, কিছুক্ষণ আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের একেবারে কাছাকাছি এলাকা দু’টি ড্রোন আঘাত হেনেছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে হামলার পরও বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইরানি ড্রোনের আঘাতে বাংলাদেশি এক প্রবাসী, ঘানার দুই নাগরিক সামান্য আহত হয়েছেন। এছাড়া ভারতীয় এক নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল, সময় পরিবর্তন এবং রুট পরিবর্তনের ঘটনা ঘটছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় কাতারসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের আকাশপথ বন্ধ রয়েছে।
এছাড়া চলমান এই সংঘাত জ্বালানি সঙ্কটের সৃষ্টি করেছে; যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে।









