গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৫৪ জন নিহত এবং ১৫৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া এ হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৪২২ জনে; আহত হয়েছেন আরও ৪,২৯৪ জন।
দক্ষিণ লেবাননে ইসরায়েল বিমান হামলা ও স্থল অভিযান অব্যাহত রেখেছে। যদিও ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, ২ মার্চ হিজবুল্লাহর সীমান্তবর্তী হামলার পর নতুন করে সংঘাত শুরু হয়। এরপর থেকে উভয় পক্ষই বিভিন্ন এলাকায় রকেট হামলা চালিয়ে যাচ্ছে।
হিজবুল্লাহর দাবি, লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এসব হামলা হচ্ছে।
অন্যদিকে, দক্ষিণ লেবাননে অভিযান চলাকালে নিজেদের গুলিতে ইসরায়েলি সেনাবাহিনীর এক সদস্য নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন বলে শনিবার (৪ এপ্রিল) নিশ্চিত করেছে আইডিএফ।









