ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে ভয়াভহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার হরমুজ প্রণালির কাছে অবস্থিত খারগ দ্বীপে হামলার তথ্য নিশ্চিত করেছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে যুদ্ধবিরতির চুক্তিতে আসার জন্য যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই এই হামলা চালানো হয়েছে।
ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস বলেছে, আমেরিকার সামরিক বাহিনী ওই দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়েছে।
এর আগে খারগ দ্বীপে হামলা কিংবা যুক্তরাষ্ট্র সেটি দখলে নিতে পারে বলে একাধিকবার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত ৩০ মার্চ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছিলেন, আমরা ইরানের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলকূপ এবং খারগ দ্বীপ এবং সব লবণাক্ত পানি শোধন কেন্দ্র পুরোপুরি ধ্বংস করে দেওয়ার মাধ্যমে ইরানে আমাদের চমৎকার অবস্থান শেষ করব।
অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার ইরানজুড়ে বিভিন্ন ‘অবকাঠামো স্থাপনা’ লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এসব স্থাপনা ঠিক কী ছিল, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।









