ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি মামলার বিচার আবারো শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির আদালত।
এর ঘোষণা আসে ঠিক কয়েক ঘণ্টা পরেই, যখন ইরান ও লেবাননের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়া হয়।
ইসরায়েলি আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, জরুরি অবস্থা শেষে বিচারব্যবস্থা স্বাভাবিকভাবে চালু হওয়ার সঙ্গে সঙ্গে শুনানি আগের মতোই পুনরায় শুরু হবে। শুনানির দিনক্ষণ হবে রবিবার থেকে বুধবার পর্যন্ত।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু প্রধানমন্ত্রীর পদে থাকা অবস্থায় প্রথম অভিযুক্ত ব্যক্তি। ২০১৯ সালে দীর্ঘ তদন্তের পর তার বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং আস্থাভঙ্গের অভিযোগ আনা হয়। তবে তিনি এসব অভিযোগ সবসময় অস্বীকার করেছেন।
তার বিরুদ্ধে অভিযোগের বিচার প্রক্রিয়া শুরু হয় ২০২০ সালে। এসব মামলার ফলে নেতানিয়াহুর কারাদণ্ডও হতে পারে। তবে সরকারি দায়িত্বের কারণে বিচার প্রক্রিয়া বারবার বিলম্বিত হয়েছে এবং কবে সম্পূর্ণ হবে তা এখনো অনিশ্চিত।









