বিবিসির হোয়াইট হাউস প্রতিনিধি বার্নড ডেবাসম্যান জানান, প্রেসিডেন্ট ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে বসছেন।
বৈঠকে আলোচনার মাধ্যমে ইরানে সংঘাতের অবসানের বিষয়টিও থাকতে পারে। সভায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ শীর্ষ কর্মকর্তারা থাকবেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। যুদ্ধে এ পর্যন্ত নিহত তিন হাজার ছাড়িয়েছে।
যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাবকে ‘একতরফা ও অন্যায্য’ বলে আখ্যা দিয়েছে ইরান। দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল রয়টার্সকে জানিয়েছেন, সর্বোচ্চ নেতার একজন প্রতিনিধিসহ শীর্ষ কর্মকর্তারা প্রস্তাবটি পর্যালোচনা করেছেন।
তিনি বলেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটি অস্পষ্ট পরিকল্পনার বিনিময়ে ইরানের আত্মরক্ষার ক্ষমতা ত্যাগের কথা প্রস্তাবে বলা হয়েছে। এতে সাফল্যের ন্যূনতম শর্তও নেই। এখনও আলোচনার জন্য কোনো ব্যবস্থা নেই। আর বাস্তবসম্মত আলোচনার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। তুরস্ক ও পাকিস্তান একটি সাধারণ ভিত্তি স্থাপনে কাজ করছে।
ইরানকে আলোচনায় ফিরতে আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গতকাল বৃহস্পতিবার তিনি সামাজিক মাধ্যমে বলেন, বেশি দেরি হওয়ার আগে যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হোক।
তিনি বলেন, ‘বেশি দেরি হয়ে যাওয়ার আগেই বিষয়টি (আলোচনা) গুরুত্বের সঙ্গে নিতে হবে তাদের (ইরান)। কারণ, একবার এটি ঘটলে, ফেরার কোনো পথ নেই এবং এটি ভালো দেখাবে না!’ তিনি দাবি করেন, ইরান সামরিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেখান থেকে ফেরার কোনো সুযোগ নেই।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফকে হত্যার তালিকা বা ‘হিটলিস্ট’ থেকে সরিয়ে নিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের এক বিশেষ অনুরোধের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনার বিষয়ে অবগত পাকিস্তানের একটি সূত্র গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা ৮০ বছরে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রধান এনগোজি ওকোনজো-ইওয়েল্লা। আলজাজিরা জানায়, ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আজকের বিশ্বে যে সমস্যাগুলো মোকাবিলা করছি, তার ব্যাপকতা আমরা অস্বীকার করতে পারি না।’
ইরানের পক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো সময় যুদ্ধে নামতে পারে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। নাম প্রকাশ না করার শর্তে হুতির এক নেতা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা সামরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত।
সব ধরনের বিকল্পসহ প্রস্তুত আছি আমরা।’ তিনি বলেন, ‘এখন পর্যন্ত ইরান ভালো করছে এবং শত্রুকে প্রতিদিন পরাজিত করছে। যদি এর বিপরীত কিছু ঘটে, আমরা বিষয়টি বুঝতে পারব।’ হুতি লড়াইয়ে অংশ নিয়ে হরমুজের মতো বাব আল-মান্দেব প্রণালিতেও বড় বাধার মুখে পড়বে যুক্তরাষ্ট্র-ইসরায়েল।
ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলি জাফারিয়ান আলজাজিরাকে জানান, যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে এক হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৪০ নারী ও ২১২ শিশু। আহত হয়েছে ২৪ হাজার ৮০০ জনের বেশি।
ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরিকে হত্যা করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের বরাত দিয়ে গতকাল বিবিসি এ খবর জানায়।
এ হামলায় ইরানের নৌবাহিনীর আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কমান্ড কর্মকর্তাও নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ইরান এখনও এ নিয়ে মন্তব্য করেনি।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযানের ‘৮২তম ধাপ’ শুরু করেছে। এতে ইসরায়েলের বিভিন্ন পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গতকাল ভোরে এ সর্বশেষ ধাপের অভিযান শুরু হয়।
এদিন লেবানন থেকেও ব্যাপক হামলা চালায় ইরান সমর্থিত হিজবুল্লাহ। আলজাজিরা জানায়, হামলায় ইসরায়েলে অন্তত একজন নিহত হয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে ন্যাটো মিত্রদের কঠোর সমালোচনার পুনরাবৃত্তি করে পোস্ট দিয়েছেন। তিনি বলেন, ইরানের পরিস্থিতি মোকাবিলায় তারা একেবারেই কোনো সহায়তাই করেনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ন্যাটোর কাছ থেকে কিছুই প্রয়োজন নেই। তবে এটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা কখনও ভোলা উচিত নয়।’
আরব আমিরাতের আবুধাবিতে প্রতিহত করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে দুজন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল বিবিসি জানায়, তাদের একজন ভারতীয় ও একজন পাকিস্তানের নাগরিক। এ ঘটনায় আহত তিনজন আমিরাতি, জর্ডানীয় ও ভারতীয় নাগরিক।
রুশ গণমাধ্যম আরটি জানায়, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, একটি বৃহত্তর সংঘাত বিশ্বকে গভীরতর অর্থনৈতিক সংকটে নিমজ্জিত করার হুমকি দিচ্ছে।









