ইরান ইসরায়েল সংঘাতের ফলে বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালি নিয়ে ইরানের সিদ্ধান্তে বিপাকে পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহ। চলমান সংকটের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচলে সৃষ্ট অনিশ্চয়তায় বাংলাদেশও প্রভাবিত হচ্ছে। তবে বাংলাদেশকে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে আর কোনো বাংলাদেশি জাহাজ আটকানো হবে না।
রবিবার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার আগে থেকেই উদ্যোগ নিয়েছে। বর্তমানে দেশে জ্বালানি সংকট নেই বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে হরমুজ প্রণালিতে কোনো বাংলাদেশি জাহাজ আটকে থাকলে তা ছেড়ে দেওয়ার বিষয়ে ইরান আশ্বস্ত করেছে।
হরমুজ প্রণালি পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যের সংকট কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হওয়া প্রয়োজন, নইলে বৈশ্বিকভাবে সব দেশই ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ এ বিষয়ে সংলাপ ও সমাধানের ওপর জোর দিচ্ছে।
প্রবাসীদের পরিস্থিতি নিয়ে তিনি জানিয়েছেন, লেবাননে বাংলাদেশের মিশনে দায়িত্ব পালনকারীরাও ঝুঁকির মধ্যে রয়েছেন। সেখানে নিহত এক নারীর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।









