ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তিনি নিজে এবং ১ কোটি ৪০ লাখ ইরানি নাগরিক দেশ রক্ষায় ‘জীবন উৎসর্গ’ করার জন্য প্রস্তুত আছে।
আজ ৭এপ্রিল (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট।
এক্সে দেওয়া বার্তায় ইরানের প্রেসিডেন্ট লিখেছেন, ১ কোটি ৪০ লাখ এর বেশি সাহসী ইরানি এখন পর্যন্ত দেশের প্রতিরক্ষায় জীবন উৎসর্গ করে দেওয়ার প্রস্তুতি ঘোষণা দিয়েছেন। আমিও ইরানের জন্য আমার জীবন উৎসর্গ করেছি। আমি আছি এবং ভবিষ্যতেও থাকবো।
এক মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি-আমেরিকান যুদ্ধে ইরানে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৭৬ জন নিহত এবং ২৬ হাজার ৫০০ জন আহত হয়েছেন।
এই যুদ্ধের অবসানের শর্ত হিসেবে বারবার সময়সীমা নির্ধারণ এবং পরে তা পিছিয়ে দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য মঙ্গলবারের সময়সীমাই চূড়ান্ত। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দেন ট্রাম্প।









