শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা বিকল্প পথে অবতরণ করতে বাধ্য হয়েছে। নিরাপত্তা কারণে রানওয়ে দৃশ্যমান না হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানিয়েছেন, কুয়াশার কারণে মোট ৯টি আন্তর্জাতিক ফ্লাইটকে ভিন্ন বিমানবন্দরে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪টি ফ্লাইট চট্টগ্রাম, ৪টি ফ্লাইট কলকাতা এবং ১টি ফ্লাইট ব্যাংককে অবতরণ করেছে।
তিনি আরও বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়া মাত্র ৯টার পর থেকে সব ফ্লাইটের পরিচালনা পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়। ডাইভারশন হওয়া ফ্লাইটগুলোও ধীরে ধীরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হচ্ছে।
গত কয়েকদিন থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীত এবং ঘন কুয়াশার প্রভাব বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন দেশের আবহাওয়ায় কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া আগামী দিনগুলোতে সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।









