নির্বাচনী ইশতেহার অনুযায়ী একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি গঠিত সরকার। এরই ধারাবাহিকতায় শুরু হবে কৃষক কার্ড বিতরণও। পয়লা বৈশাখ (১৪ এপ্রিল) কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৫ মার্চ) বেলা ১১টায় সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রমুখ।
ইতোমধ্যে নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ডের পাইলট কার্যক্রম শুরু হয়েছে, ইমাম-মুয়াজ্জিনদের বেতন দেয়া শুরু হয়েছে। সোমবার শুরু হচ্ছে খাল কাটা কর্মসূচি। সেই ধারাবাহিকতায় শুরু হবে কৃষক কার্ড বিতরণও।









