ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আবারও দেশে এলো ডিজেল। আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাঠানো পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে এই চালানটি পাইপলাইনের মাধ্যমে এসে পৌঁছায়। ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন শুক্রবার (২৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নুমালিগড় রিফাইনারি থেকে সরাসরি পার্বতীপুর ডিপো পর্যন্ত ডিজেল পৌঁছাতে সময় লেগেছে প্রায় ৬০ ঘণ্টা। পৌঁছানোর পর শুক্রবার সকাল ৮টা থেকে ডিজেল পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে সরবরাহ করা হয়েছে।
চুক্তি অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশ মোট ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে। সেই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ইতোমধ্যে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল পেয়েছে।
এর আগে ১১ মার্চও একই পরিমাণ অর্থাৎ পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে। সর্বশেষ এই চালানের পর আগামী সপ্তাহে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে।
এছাড়া, জ্বালানি সরবরাহ আরও জোরদার করতে আগামী চার মাসের মধ্যে এই পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাব দিয়েছে বিপিসি।









