বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িবহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছে। বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে জাতীয় পতাকায় মোড়ানো গাড়িটি সংসদ ভবন এলাকায় প্রবেশ করে। এর আগে বেলা ১১টা ০৪ মিনিটে মরদেহবাহী গাড়িবহর ফিরোজা ভবন থেকে রওনা হয়। গাড়িবহরে লাল-সবুজ রঙের বিশেষ বাসও ছিল।
জানাজাস্থলে উপস্থিত ছিলেন তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যরা। সকাল ৯টা ১৫ মিনিটে খালেদা জিয়ার মরদেহ ফিরোজা ভবনে প্রবেশ করলে স্বজন ও দলীয় নেতাকর্মীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। এ সময় তার পাশে কুরআন পাঠে নিয়োজিত ছিলেন তারেক রহমান।
মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে সাবেক প্রধানমন্ত্রীকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। জানাজায় অংশ নিতে সেখানে মানুষের ঢল নেমেছে। সুষ্ঠু জানাজা ও নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন।









