জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে জামিন দিয়েছেন আদালত।
রবিবার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন। পরে গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওইদিনই পুলিশের পক্ষ থেকে তার দুই দিনের রিমান্ড আবেদন করা হয়। অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন করে। তবে আদালত তখন উভয় আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই লালবাগ থানার আজিমপুর সরকারি কলোনির ভেতরে মিছিল করছিলেন ভুক্তভোগী মো. আশরাফুল ওরফে ফাহিম। এ সময় আসামিদের ছোঁড়া গুলিতে তার বাম চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১১৫ থেকে ১২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী।
রাজনৈতিক জীবনে শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন এবং পরবর্তীতে টানা এই দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ৭ জানুয়ারির নির্বাচনের পর তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন। তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে সরকার পতনের ২৭ দিনের মাথায় তিনি পদত্যাগ করেন।









