অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার উন্মেষ ঘটেছে এবং বর্তমান সরকার সেই চেতনারই বহিঃপ্রকাশ।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট হাইস্কুল মাঠে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষ ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা করেছে। সেই প্রত্যাশা পূরণে বর্তমান সরকারের অঙ্গীকার স্পষ্ট এবং সরকার ইতোমধ্যে জুলাই যোদ্ধাদের সুরক্ষা নীতিমালা প্রণয়ন করেছে।”
শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, ট্রাইব্যুনাল সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছেন এবং সংক্ষুব্ধ পক্ষের আপিল করার সুযোগ রয়েছে। “সরকার বা আসামিপক্ষ আগামী ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন। আদালতের বাইরে প্রতিক্রিয়া না দিয়ে আইনগত পথেই এগোনো উচিত,” বলেন তিনি।
বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। “আইনমন্ত্রী ইতোমধ্যে জাতীয় সংসদে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। আমরা এ বিষয়ে সরকারের প্রতিশ্রুতির ওপর আস্থা রাখতে চাই,” যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, পৃথক সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্ট রায় দিলেও তা এখনো চূড়ান্ত নয়। সুপ্রিম কোর্টে আপিল নিষ্পত্তির মাধ্যমে বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একরামুল আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









