বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালু করতে সম্মত হয়েছে ভারত । আগামী সপ্তাহ থেকেই এ ভিসা কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।
হুমায়ুন কবির বলেন, ইতিবাচক মনোভাব থাকলে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সম্ভব। তিনি জানান, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এ সময় পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার বলেও উল্লেখ করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করা হচ্ছে এবং এ বিষয়ে আলোচনা হয়েছে।
এর আগে গত ৭ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে দিল্লি যান। সফরকালে তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন।
ওই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং ভিসা কার্যক্রম সহজীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।









