জাতীয় সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, সরকারি দলের বেঞ্চে বহু মুক্তিযোদ্ধা থাকলেও বিরোধী দলে কোনও মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়ার সুযোগ নেই। প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পরপরই স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার এই মন্তব্য করেছেন।
এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অধিবেশনে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দশম দিনের কার্যক্রম শুরু হয়।
সরকারি দলের জয়নাল আবদীন ফারুক, মইনুল হক চৌধুরী, সাখাওয়াত হোসেন বকুল ও অ্যাডভোকেট ফজলুর রহমানসহ বেশ কয়েকজন সংসদ সদস্যের নাম উল্লেখ করে তাঁদের ‘প্রথিতযশা মুক্তিযোদ্ধা’ হিসেবে অভিহিত করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পরপরই স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন।
আমি নিজেই রণাঙ্গনে দেখেছি সাতক্ষীরার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে। তিনি একজন মুক্তিযোদ্ধা। স্পিকারের এই সংশোধনের পর প্রতিমন্ত্রী পুনরায় বক্তব্য শুরু করেন।
মীর শাহে আলম তাঁর বক্তব্যে আরও বলেন, বিএনপি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন, এই তিনটি ঐতিহাসিক অধ্যায় ধারণ করে। এই তিন আন্দোলনের ‘ট্রফি’ এখন বিএনপির ঘরেই রয়েছে।









