অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, মূলধন সংকটে ভোগা রুগ্ন ব্যাংকগুলোকে অর্থ সহায়তা দিতে সম্মত হয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। এছাড়া সরকারি, বেসরকারি ও অর্থনৈতিক খাতগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়েও একমত হয়েছে তারা।
শুধু তাই নয়, বাংলাদেশের শেয়ারবাজারের কারসাজি রোধে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেবে আর্থিক লেনদেন প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান জেপি মরগান।
আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভার তৃতীয় দিন শেষে ওয়াশিংটন ডিসি থেকে এসব তথ্য জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিশ্বব্যাংক ও আইএমএফ-এর বসন্ত সভার তৃতীয় দিন বাংলাদেশের জন্য বড় সুখবর নিয়ে আসে সরকারের প্রতিনিধি দল। এ দিন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং জেপি মরগানসহ বেশ কয়েকটি সংস্থার সঙ্গে বৈঠক করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন ১১ সদস্যের প্রতিনিধি দল।
মন্ত্রী আরও বলেছেন, বৈঠকে প্রবাসী কর্মীদের দক্ষতা উন্নয়ন, দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়ন প্রকল্পে অর্থায়ন বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
তিনি দাবি করেন, রুগ্ন ব্যাংক পুনর্গঠন থেকে শুরু করে অবকাঠামো ও সরকারি প্রকল্প বাস্তবায়নেও আইএফসি বড় ধরনের সহায়তা দেবে।
বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রভাব বাংলাদেশের ওপর কমাতে অর্থনৈতিক বিষয়ে বিভিন্ন আশ্বাস পেয়েছে বাংলাদেশ।
অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে জেপি মরগান। পরামর্শের পাশাপাশি প্রযুক্তিগত সহায়তাও পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
দেশের অর্থনীতি আর গৎবাঁধা নিয়মে পরিচালিত হবে না বলেও জানিয়েছেন তিনি।









