পরীক্ষায় নকলের ধরন বদলে এখন ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে যশোর পিটিআই অডিটরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে যশোর শিক্ষাবোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, তিনি সারাদেশে ঘুরে মতবিনিময় করছেন এবং এ কার্যক্রমে কেউ কেউ ব্যথিত ও দুঃখিত হলেও অনেকেই উৎসাহিত হচ্ছেন। তিনি আরও বলেন, “তবে এমপি সাহেবরা আন্তরিক।”
২০ বছর আগের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “আমি ২০ বছর আগে যশোরে এসেছিলাম। তখন ২ ট্রাক গাইড উদ্ধার করেছিলাম। এখন হয়তো ২০ ট্রাক গাইড উদ্ধার করতে পারবো। পরিবর্তন হয়েছে এটুকুই।”
তিনি আরও বলেন, “মুসলিম একাডেমি ভবন ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। যারা ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছে, সেগুলো অপসারণে সংসদে ৭১ বিধিতে নোটিশ দেবেন এমপিরা।”
পরীক্ষায় নকল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “আজকের ছাত্রছাত্রীরা নকল করলে সেটি আপনাদের দুর্বলতা। করোনার মতোই নকলের রূপ বদলেছে। এখন ডিজিটালভাবে নকল হচ্ছে। সমস্যা আমাদের মানসিকতায়।”
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিউর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম।
এছাড়া সভায় বক্তব্য দেন কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন এবং মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মো. নুরুল হক।
সভায় বক্তারা পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, প্রশ্নফাঁস রোধে কঠোর নজরদারি এবং শিক্ষার্থীদের জন্য স্বচ্ছ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এবছর যশোর বোর্ডের অধীনে ২৯৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।









