দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের পর অবশেষে প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, গ্রাহকবান্ধব বিদ্যুৎসেবা নিশ্চিত করতেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলছিলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। বিষয়টি পর্যবেক্ষণ করে দ্রুতই এই চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া হিসেবে পরিশোধ করতে হয়। তবে গ্রাহকদের অভিযোগ ছিল, মিটারের মূল মূল্য আদায় হয়ে যাওয়ার পরও বছরের পর বছর এই ভাড়া আদায় করা হচ্ছে, যা তাদের জন্য অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন নাগরিক সংগঠনও দীর্ঘদিন ধরে এই চার্জ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। বিষয়টি জনমনে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং শেষ পর্যন্ত সরকারের নজরে আসে।
সরকারের সাম্প্রতিক এই সিদ্ধান্তকে সাধারণ গ্রাহকদের জন্য স্বস্তিদায়ক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে বিদ্যুৎ ব্যবহারে স্বচ্ছতা ও গ্রাহক সন্তুষ্টি আরও বৃদ্ধি পাবে।









