বাংলাদেশে বর্তমানে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নয় জন। তবে এই সময়ে কেউ মারা যাননি।
বুধবার (১১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একজন, দক্ষিণ সিটি কর্পোরেশনে একজন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন রয়েছেন।
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৯ জন। এর মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ৯ শতাংশ নারী। এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।
এই সময়ে ১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫৪০ জন।









