নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) ভোরে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। সকাল ৬টা ১৪ মিনিটে অনুভূত এই কম্পনে রাজধানীসহ আশপাশের এলাকায় হালকা কাঁপুনি দেখা যায়।
ইন্ডিয়ান সেন্টার অফ সিসমোলজি নিশ্চিত করেছে যে ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১। সংস্থাটি জানিয়েছে, এটি ছিল তুলনামূলকভাবে দুর্বল মাত্রার কম্পন।
এদিকে ইউরো মেডিটেরিনিয়ান সিসমোলজি সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদী। কেন্দ্রটি টঙ্গী থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তর–উত্তরপূর্বে এবং নরসিংদী শহর থেকে ৩ কিলোমিটার উত্তরে অবস্থিত। ভূমিকম্পটি মাটির ৩০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছিল।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাঈয়্যাৎ কবীর গণমাধ্যমকে জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। তিনি বলেন, “রিখটার স্কেলে ৪.১ মাত্রার হওয়ায় এটি মৃদু ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়। সকাল ৬টা ১৪ মিনিট ৪৪ সেকেন্ডে এটি অনুভূত হয়েছে।”
এর আগে গত সোমবার গভীর রাতে কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প হয়েছিল। রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়া এলাকায় স্থানীয়রা কম্পন অনুভব করেছিলেন বলে জানিয়েছেন বাসিন্দারা।









