রাজধানীতে যানজট কমাতে ঢাকা মহানগরের ভেতরে গড়ে ওঠা অবৈধ নাইট কোচ কাউন্টার দ্রুত অপসারণের জন্য গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)
রবিবার (৫ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরের অভ্যন্তরে অবস্থিত সকল আন্তঃজেলা বাস মালিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং উন্নত নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে অনুমোদনহীন বা রুট পারমিট ছাড়া পরিচালিত নাইট কোচ কাউন্টার অপসারণ করা প্রয়োজন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অনুমোদনহীন বা অবৈধভাবে আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার স্থাপন, পার্কিং, যাত্রী উঠা-নামা ইত্যাদি কার্যক্রমের কারণে মহানগরে অন্যান্য যানবাহনের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে রাত্রিকালেও ট্রাফিক জ্যাম সৃষ্টি হচ্ছে।
এতে জানানো হয়, জারির সাত কার্যদিবসের মধ্যে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ ব্যতীত মহানগরের অন্যান্য স্থানে অবস্থিত আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার স্ব-উদ্যোগে অপসারণ বা উচ্ছেদ করতে হবে। অন্যথায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩৭, ৪৭, ৮২ ও ৯০ ধারা এবং অন্যান্য সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী ডিএমপি'র বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সামারি ট্রায়াল বা মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে থাকতে পারে কারাদণ্ড, অর্থদণ্ড, রুট পারমিট বাতিল এবং সংশ্লিষ্ট মালামাল বাজেয়াপ্ত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনস্বার্থে এটি প্রকাশ করা হয়েছে। ডিএমপি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।









