চলমান জাতীয় সংসদ অধিবেশন শুক্রবারেও চালু থাকবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
বুধবার (৮ এপ্রিল) অধিবেশনের বিরতিতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান অধিবেশনে এখন পর্যন্ত ৪৪টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। তবে শুক্রবারের মধ্যে মোট ১৩৩টি অধ্যাদেশের সুরাহা করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
তিনি জানান, কাজের পরিধি বেশি হওয়ায় শুক্রবারও অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করতে গত মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে সংসদ অধিবেশন দিনে দুই সেশনে পরিচালিত হচ্ছে।
এদিকে সংসদ ভবনের সাউন্ড সিস্টেমের ত্রুটি ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে চিফ হুইপ বলেন, টেন্ডার পাওয়া প্রতিষ্ঠানগুলো নিজেরা কাজ না করে অন্য পক্ষকে দিয়ে কাজ করিয়েছে, যা অনিয়মের শামিল।









