স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ঘোষণা করেছেন, দেশের টিকাদান কর্মসূচির নতুন সময়সূচি অনুযায়ী আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হাম প্রতিরোধী টিকা দেওয়া শুরু হবে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
এর আগে পরিকল্পনা ছিল ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশালে টিকাদান শুরু হবে এবং ৩ মে থেকে সারাদেশে টীকাদান কর্মসূচি শুরু করা হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের ১৫ দিন আগেই সারাদেশে এই কর্মসূচি শুরু হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে দেশে ২ কোটি ১৯ লাখ হামের টিকা মজুত রয়েছে, যা পর্যাপ্ত হওয়ায় কর্মসূচি এগিয়ে আনা সম্ভব হয়েছে।
দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার টেন্ডার ছাড়াই সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অব্যবহৃত তহবিল ব্যবহার করে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী সকলকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ইতোমধ্যে ৫ এপ্রিল থেকে ১৮ জেলার ৩০ উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। টিকা, সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে আমরা হাম নিয়ন্ত্রণে রাখতে পারি এবং একটি স্বাস্থ্যকর সমাজ গড়ে তুলতে পারি।









