বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, ভারতের আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ ক্রয়ের চুক্তিটি পূর্বের আওয়ামী লীগ সরকার অস্বাভাবিক মূল্যে করেছে। আলোচনার মাধ্যমে চুক্তি সংশোধনের বিষয়টি সরকার বিবেচনা করছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ভারতের আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেডের সঙ্গে ২০১৭ সালে স্বাক্ষরিত বিদ্যুৎ ক্রয়ের চুক্তিটি পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকারের সময় সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত জাতীয় কমিটি দেখেছে। এই কমিটিতে বিদ্যুৎ ও জ্বালানি, আইন, অর্থনীতি ও চার্টার্ড অ্যাকাউন্টিং বিশেষজ্ঞরা ছিলেন। এছাড়া আন্তর্জাতিক চুক্তি বিশেষজ্ঞ সংস্থার মতামতও গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, জাতীয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, আদানি পাওয়ারের সঙ্গে চুক্তিটি দেশীয় ও আন্তর্জাতিক বাজারের তুলনায় অস্বাভাবিক মূল্যে স্বাক্ষরিত হয়েছে।
জাতীয় কমিটির প্রতিবেদনের আলোকে সরকার বর্তমানে চুক্তি সংশোধন, আদানি পাওয়ারের সঙ্গে আলোচনা অথবা আন্তর্জাতিক সালিশি আদালতের দ্বারস্থ হওয়ার মতো বিষয়গুলো সক্রিয়ভাবে বিবেচনা করছে।









