ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতীত নিয়ে পড়ে থাকলে যেমন চলবে না, তেমনি অতীত পুরোপুরি ভুলে গেলেও ভবিষ্যৎ বাধাগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা ও গবেষণা চলবে। তবে এমন কিছু বলা উচিত নয়, যাতে মুক্তিযুদ্ধের গৌরব খাটো হয়।
অতীতে শহীদ রাষ্ট্রপতির ভূমিকাকে খাটো করার চেষ্টা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অথচ তাঁর ভূমিকা ছিল অনিবার্য। স্বাধীন বাংলাদেশের জন্য জিয়াউর রহমানের দীর্ঘ মানসিক প্রস্তুতির বিষয়টি তাঁর লেখায় ফুটে উঠেছে। ১৯৭২ সালের ২৬ মার্চ দৈনিক বাংলার স্বাধীনতা দিবসের ক্রোড়পত্রে প্রকাশিত একটি প্রবন্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, সেটি প্রকাশের পর কোনো আপত্তি ওঠেনি।
১৯৭৪ সালে সাপ্তাহিক বিচিত্রায় প্রকাশিত একটি জাতির জন্ম শিরোনামের প্রবন্ধ নিয়েও তৎকালীন সরকার বা অন্য কারও আপত্তি ছিল না বলে জানান প্রধানমন্ত্রী। তার দাবি, শহীদ জিয়াউর রহমানকে খাটো করার অপচেষ্টা হয়েছে। তবে সত্যকে আড়াল করার সুযোগ নেই।
সম্পদের সীমাবদ্ধতা থাকলেও জাতীয় ঐক্যের মাধ্যমে উন্নয়ন সম্ভব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বনির্ভর বাংলাদেশ গড়া যাবে।









