পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে শুনানির জন্য আজ দিন ধার্য রয়েছে। জুলাই বিপ্লবের সময় ইন্টারনেট বন্ধসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রসিকিউশনের আনা মামলায় এই শুনানি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। গ্রেপ্তার আসামি জুনায়েদ আহমেদ পলককে কারাগার থেকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তার পক্ষে শুনানি করবেন আইনজীবী লিটন আহমেদ। অপরদিকে পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম শুনানিতে অংশ নেবেন।
এর আগে গত ১১ জানুয়ারি পলকের আইনজীবী কয়েকটি আবেদনসহ শুনানির প্রস্তুতির জন্য আজ পর্যন্ত সময় চান। আবেদনের মধ্যে অন্যতম ছিল মক্কেলের সঙ্গে প্রিভিলেজ কমিউনিকেশনের সুযোগ। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। সেই ধারাবাহিকতায় আজ প্রসিকিউশনের চার্জ গঠন প্রশ্নে শুনানির পাশাপাশি আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন উপস্থাপন করা হবে।
মামলায় প্রসিকিউশন দুই আসামির বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ এনেছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৪ জুলাই রাত ১২টা থেকে ১টার মধ্যে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় জুনায়েদ আহমেদ পলক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরপর তিনটি পোস্ট দিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানি দেন। এর পরদিন ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র সদস্যরা হামলা চালায়।
দ্বিতীয় অভিযোগে বলা হয়, জয় ও পলকের পরামর্শে ইন্টারনেট বন্ধ করে আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও প্ররোচনা দেওয়া হয়। একইসঙ্গে তারা হত্যাকাণ্ডে সহায়তা করেন। এর ফলে পুলিশ ও দলীয় সন্ত্রাসী বাহিনীর হামলায় রাসেল, মোসলেহ উদ্দিনসহ অন্তত ২৮ জন নিহত হন।
তৃতীয় অভিযোগে উল্লেখ করা হয়, উত্তরায় সংঘটিত ৩৪টি হত্যাকাণ্ডে আসামিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন। তাদের উসকানি ও প্ররোচনার ফলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় ছয় বছরের শিশু জাবির ইবরাহিমসহ সাগর হোসেন, সুজনসহ আরও অনেকে প্রাণ হারান।
এর আগে ১১ জানুয়ারি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে অভিযোগ গঠন বিষয়ে শুনানি করেন। সে দিন তিনি দুই আসামির বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই পাঠ করে শোনান এবং আনুষ্ঠানিকভাবে চার্জ গঠনের আবেদন জানান।









