মালয়েশিয়া যেথে আগ্রহীদের জন্য বড় সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। উপদেষ্টা জানিয়েছেন, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর কার্যক্রম দ্রুত পুনরায় শুরু করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
রবিবার (১২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মাহদী আমিন জানান, কম খরচে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানো নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিয়েছে। এ প্রক্রিয়ায় কোনো ধরনের সিন্ডিকেট যেন না থাকে, সে জন্য মালয়েশিয়া কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিষয়টিতে দুই দেশের সরকারই ইতিবাচক উল্লেখ করে তিনি আরও বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন আগ্রহী, তেমনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও এ বিষয়ে সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছেন।
শ্রমিক পাঠানো কবে থেকে শুরু হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, পুরো বিষয়টি এখনো প্রক্রিয়ার মধ্যে রয়েছে। যত দ্রুত সম্ভব কার্যক্রম চালুর জন্য চেষ্টা চলছে।
মামলা সংক্রান্ত বিষয়ে এক প্রশ্নের জবাবে মেহেদি আমিন জানিয়েছেন, যৌথ বিবৃতিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করা হয়েছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত রয়েছে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। অপরাধে জড়িতদের শাস্তি এবং নির্দোষদের ন্যায়বিচার নিশ্চিত হবে।









