রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৪ জন শিশু ভর্তি হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে বুধবার (১৫ এপ্রিল) সকাল পর্যন্ত সময়ের মধ্যে প্রতি ঘণ্টায় গড়ে একজন করে শিশু হাসপাতালে ভর্তি হয়। তবে এ সময়ের মধ্যে এই সংক্রামক রোগে কারও মৃত্যু হয়নি।
বুধবার সকালে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, ভর্তি হওয়া শিশুদের হাম আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে ১৪ জন শিশু ছাড়পত্র পেয়েছে।
বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ১৬৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত মোট ৬০২ জন রোগী ভর্তি হয়েছে।
এদের মধ্যে হাম ও উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৫০ জন শিশুর মৃত্যু হয়েছে।









