সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া সাংবাদিক আনিস আলমগীর বলেছেন তার সঙ্গে শুধু অন্যায় নয়, জুলুমও করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) কারাগার থেকে মুক্তি পেয়ে গণমাধ্যমে এ মন্তব্য করেন তিনি। এদিন দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার মো. আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল শুক্রবার তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে আজ শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময়ে তার স্ত্রীসহ স্বজনরা কারাগারে উপস্থিত ছিলেন।
এক-এগারো সরকার যে গুম-খুন ও বিনা বিচারে মানুষকে তুলে নেওয়ার সংস্কৃতি চালু করেছিল সেটি শেখ হাসিনা সরকার পর্যন্ত এক্সটেন্ডেন্ট ছিল মন্তব্য করে আনিস আলমগীর বলেছেন, শেখ হাসিনার সরকার হলো, এক-এগারো সরকারের এক্সটেনশন। এখন আইনের জুলুম চলছে, যেটা ড. ইউনূস চালু করে দিয়েছেন। সেই জুলুম যদি কন্টিনিউ করে, তবে সেটা মানুষ ভালোভাবে নেবে না।
জেলের প্রথম এক মাস মানসিক নির্যাতনে ছিলেন বলেও অভিযোগ করেন আনিস আলমগীর। তিনি জানান, যেকোনো একটা জেলে গিয়ে দেখবেন, শুধু একটা দলের রাজনৈতিক কর্মীরা জেল খাটতেছে। আর কোনো কর্মী নেই। এমন লোকদের নিয়ে এসেছে, যাদের পদ-পদবি কিছুই নেই।
এর আগে, গত বছরের ডিসেম্বরে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আনিস আলমগীর গ্রেপ্তার করা হয়।









