শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে বড় সুখবর
প্রকাশ:

বিস্তারিত
রমজানের দীর্ঘ ছুটির পর আবারও টানা ছুটিতে যাচ্ছে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। বৈসাবি উৎসব, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা পাচ্ছেন বড় ছুটির সুযোগ।
বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী— আগামীকাল রোববার (১২ এপ্রিল) বৈসাবি উৎসব উপলক্ষে দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনের ছুটি রয়েছে। এর পরদিন সোমবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তি উপলক্ষে একদিনের ছুটি থাকছে।
এছাড়া ১৪ এপ্রিল (মঙ্গলবার) বাংলা নববর্ষ উপলক্ষে একদিনের ছুটি নির্ধারিত রয়েছে। ফলে টানা ৩ দিন বন্ধ থাকছে দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এই তিনদিনের আগের দুদিন শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র ও শনিবার (১০-১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। এই ছুটিগুলো মিলিয়ে টানা পাঁচ দিনের বন্ধ পাচ্ছে দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।
সরকারি চাকরিজীবীদের জন্যও রয়েছে সুযোগ
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল একদিনের সরকারি ছুটি রয়েছে। এর সঙ্গে ১৫ ও ১৬ এপ্রিল (বুধ ও বৃহস্পতিবার) ছুটি সমন্বয় করতে পারলে এবং ১৭-১৮ এপ্রিল (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।
রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৩ এপ্রিল উপলক্ষে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে এই তিন জেলার সরকারি চাকরিজীবীরা ১৫-১৬ এপ্রিল ছুটি ম্যানেজ করতে পারলে টানা ছয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য, এর আগে সরকারি সব প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান, শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসসহ বিভিন্ন উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ছুটি ছিল। ছুটি শেষে ২৭ মার্চ থেকে আবার নিয়মিত ক্লাস শুরু হয়।
এই টানা ছুটিকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগাম পাঠ পরিকল্পনা ও পরীক্ষা সূচি সমন্বয়ের পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের ছুটির সময় পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।








