টাইব্রেকারে হংকংকে ৩-২ ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। বাছাইপর্বে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ে ৪-৪ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে নায়ক হয়ে ওঠেন গোলরক্ষক বিপ্লব কূজর, যিনি প্রতিপক্ষের তিনটি শট ঠেকিয়ে দেন। তার দুর্দান্ত পারফরম্যান্সেই জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রয়্যাল থাই এয়ার ফোর্স হকি মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ১১ মিনিটে রাকিবুল হাসান ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন। ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম।
তবে চার মিনিট পর একটি গোল শোধ করে হংকং। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে ইশতিয়াক আহমেদ গোল করে ম্যাচে সমতা ফেরান। জবাবে ৪১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম গোল করে বাংলাদেশকে আবার এগিয়ে দেন।
৪৬ মিনিটে কুলদীপ সিং গোল করে আবার সমতা ফেরান। দুই মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৪-৩ ব্যবধানে এগিয়ে নেন আশরাফুল। তবে ৪৮ মিনিটেই হংকং আরেকটি গোল করে স্কোরলাইন ৪-৪ করে ফেলে।
শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় তুলে নিয়ে এশিয়ান গেমসে খেলার যোগ্যতা নিশ্চিত করে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে অংশ নেবে দলটি। ৯ দলের বাছাইপর্ব থেকে শীর্ষ ছয় দলই মূল আসরে খেলার সুযোগ পায়, আর এই জয়ে অন্তত ষষ্ঠ হওয়া নিশ্চিত হয়েছে বাংলাদেশের।









