চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও তা বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট পাম্পকে জরিমানা করা হয়েছে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন’-এ এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী।
অভিযান সূত্রে জানা যায়, পাম্পটির সামনে ‘পাম্পে তেল নেই’ লেখা একটি ব্যানার টানিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে প্রশাসনকে অবহিত করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে তদন্ত শুরু করে।
পরিদর্শনে চমকপ্রদ তথ্য উঠে আসে। পাম্পটিতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুত থাকা সত্ত্বেও তা গোপন রেখে বিক্রি বন্ধ রাখা হয়েছিল। যাচাই করে দেখা যায়, সেখানে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন মজুত ছিল।
এ ধরনের কার্যক্রমকে জনস্বার্থবিরোধী ও ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল উল্লেখ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানোর দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও সতর্ক করে জানান, ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোথাও এ ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।









