ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে খাঁচা থেকে একটি সিংহ বেরিয়ে গেছে। চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, “সিংহটি চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি, এটি এখনও ভেতরে রয়েছে। আমরা তার গতিবিধি লক্ষ্য করে ধরে নেওয়ার চেষ্টা করছি।” সিংহটি খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চিড়িয়াখানার দর্শনার্থীরা দ্রুত নিরাপদ স্থানে চলে যান।
সিংহ কীভাবে খাঁচা থেকে বেরিয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, “হয়তো তালা ঠিকমতো লাগানো হয়নি। কোথাও কোনো গ্রিল ভাঙা বা ফাঁকা নেই। দরজা দিয়েই বের হওয়ার সম্ভাবনা বেশি।”
চিড়িয়াখানার পরিচালক আরও জানান, এই ঘটনায় রাতেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে।









