বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আবহমান বাংলার ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিশেষ করে রমনা বটমূল ও এর আশপাশ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেট, দোয়েল চত্বর, শাহবাগ জাতীয় জাদুঘর এলাকা, শহীদ জিয়া শিশু পার্ক, ছায়ানটের আয়োজনস্থল, রমনা মঞ্চ এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে।
এদিকে, শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ পরিবেশে নববর্ষ উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি।









