বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল শেষে গতকাল শুক্রবার মাশরাফি বিন মুর্তজাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করলেন ধারাভাষ্যকার এড রেইন্সফোর্ড, আমি জানি তুমি কয়টা ফাইনাল জিতেছো, তুমি কি জানো? মুচকি হেসে মাশরাফি বললেন, আমার মনে হয়, চারটা বিপিএল ফাইনাল আর এবারের এটি। পাঁচটি জিতেছি।
বিপিএলে সফলতম অধিনায়ক মাশরাফি। ৭টি আসরের ৪টিতেই উঁচিয়ে ধরেছেন ট্রফি। এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নেতৃত্বে ছিলেন না তিনি। কিন্তু শিরোপার চেনা স্বাদ পেলেন আবারও। সব মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে পাঁচটি টি-টোয়েন্টি ট্রফি জেতা হয়ে গেল মাশরাফির।
এবারের বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে তার খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। হ্যামস্ট্রিং চোটের কারণে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে ছিল না তার নাম। কিন্তু পরে তিনি ফিট হওয়ার পর চার দলের লটারিতে তাকে পায় খুলনা। শেষ ভাগে দলে যোগ হয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন তিনি। প্রথম কোয়ালিফায়ারে ৫ উইকেট নিয়ে ছিলেন ম্যাচ সেরা তিনিই। ফাইনাল শেষে তার প্রাপ্তি আরেকটি ট্রফি।
গতকাল ফাইনাল শেষে ধারাভাষ্যকার তার কাছে জানতে চাইলেন, বলা হয়, মাশরাফি থাকলেই নাকি দল চ্যাম্পিয়ন, মাশরাফিই কি তাহলে সৌভাগ্যের প্রতীক?
মাশরাফির উত্তর, না… সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। এরকম হয়ে যায়, ঘরোয়া ক্রিকেটে খেলতে নামলে চ্যাম্পিয়ন হয়ে যাই। বিশেষ করে ফাইনাল খেললে জিতে যাই। স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা আবারও।
আনন্দবাজার/টি এস পি









