১৯৮৯-৯০ মৌসুমের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের পেশাদার ফুটবলের সর্বোচ্চ আসরের শিরোপা জিতল লিভারপুল। সব মিলিয়ে ১৯তম শিরোপা জিতলেও, প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর এটাই অলরেডদের প্রথম শিরোপা।
স্ট্যামফোর্ড ব্রিজে বৃহস্পতিবার (২৫ জুন) রাতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি চেলসির কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় পর সবার ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে লিভারপুল। অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন হলো ইয়ুর্গেন ক্লপের দল।
লিগের ৩১ রাউন্ড শেষে ২৮ জয় ও দুই ড্রয়ে লিভারপুলের সংগ্রহ ৮৬ পয়েন্ট। অন্যদিকে দুই নম্বরে থাকা ম্যান সিটি ২০ জয় ও তিন ড্রয়ে ঝুলিতে রয়েছে ৬৩ পয়েন্ট। সিটি নিজেদের বাকি থাকা ৭ ম্যাচে পূর্ণ ২১ পয়েন্ট পেলেও তাদের হবে ৮৪ পয়েন্ট। অর্থাৎ লিভারপুল বাকি সব ম্যাচ হারলেও কোনও সমস্যা হবে না, শীর্ষেই থাকবে তারা। যে কারনে মাঠে না থেকেও ৭ ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল।
এদিকে, প্রথম জার্মান কোচ হিসেবে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগের ১৩১ বছরের ইতিহাসে শিরোপা জিতলেন ইয়ুর্গেন ক্লপ। যার হাত ধরে ৩০ বছরের অপেক্ষার অবসান হলো লিভারপুলের।
আনন্দবাজার/এম.কে









