এপ্রিলের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৫৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
রোববার (২৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানিয়েছেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২২৫ কোটি ১০ লাখ ডলার। সেই হিসেবে এ বছর একই সময়ে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৭৮ কোটি ৭০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১৯ দশমিক ৮০ শতাংশ বেশি।
এর আগে, গত মার্চ মাসে দেশে রেমিট্যান্স আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।
এছাড়া, গত ডিসেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বর মাসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।









